সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / জাতীয়
৬:০৬ পিএম, ১৮ জুলাই ২০২৬

জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম

জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণঅভ্যুত্থান’—সরকারকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোটের রায়ের আলোকে সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে গণআন্দোলন থেকে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবে বিরোধী জোট।

শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, ‘আজ বরিশালে সমাবেশ করছি। এরপর ঢাকায় মহাসমাবেশ হবে। তারপর দেশের প্রতিটি জেলা-উপজেলায় কর্মসূচি চলবে। এর মধ্যেই সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে আমরা গণআন্দোলন এবং প্রয়োজনে গণঅভ্যুত্থানের পথেই এগোবো।’

তিনি বলেন, এখনো বিরোধী জোট হরতাল বা অবরোধের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করেনি। তবে প্রয়োজন হলে যেকোনো সময় এমন কর্মসূচি দেওয়া হতে পারে।

তার ভাষায়, ‘আমরা এই মুহূর্তে হরতাল-অবরোধ চাইনি। কিন্তু সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে ধীরে ধীরে সেই পরিস্থিতির দিকেই ঠেলে দিচ্ছেন।’

প্রধানমন্ত্রীর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ‘তিনি গণভোটের আগে জুলাই সনদের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। কিন্তু জনগণ সংস্কারের পক্ষে রায় দেওয়ার পরও সেই সনদ বাস্তবায়ন করছেন না। মুখে বাস্তবায়নের কথা বললেও কাজে তার প্রতিফলন নেই।’

তিনি আরও বলেন, ‘গণঅভ্যুত্থানের সময় আমাদের একটি স্লোগান ছিল— “নাটক কম করো প্রিয়”। আজও একই কথা বলছি, “তারেক রহমান, নাটক কম করুন প্রিয়।” জনগণ আপনাকে ক্ষমতায় এনেছে বলে ইচ্ছেমতো প্রতিশ্রুতি ভঙ্গ বা জনগণের সঙ্গে প্রতারণা করার সুযোগ নেই।’

সমাবেশে আরও বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম), বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁনসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম