
মসজিদুল হারামে চালু হলো নতুন ডিজিটাল সেবা, রিয়েল-টাইমে জানা যাবে ভিড়ের তথ্য
সৌদি আরবের পবিত্র মসজিদুল হারামে ইবাদতকারী ও হজ-ওমরাহ পালনকারীদের সুবিধার্থে নতুন একটি ডিজিটাল সেবা চালু করেছে দেশটির কর্তৃপক্ষ।
গালফ নিউজের এক প্রতিবেদনের বরাতে জানা গেছে, গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষ এ সেবার মাধ্যমে মুসল্লিদের তাওয়াফ ও সায়ীর নির্ধারিত স্থানগুলোর রিয়েল-টাইম ভিড়ের তথ্য জানার সুযোগ করে দিয়েছে।
এর ফলে হজ ও ওমরাহ পালনকারীরা কোন পথে তুলনামূলক কম ভিড় রয়েছে, তা আগে থেকেই জানতে পারবেন এবং সেই অনুযায়ী তাওয়াফ ও সায়ী সম্পন্ন করতে পারবেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই ডিজিটাল প্ল্যাটফর্মে ভিড়ের ঘনত্বের সরাসরি সূচক, তাৎক্ষণিক হালনাগাদ তথ্য এবং ভিড় এড়ানোর প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া যাবে। ইবাদতকারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সেবা কিউআর কোড স্ক্যান করে ব্যবহার করা যাবে। প্ল্যাটফর্মটি নিয়মিত তথ্য হালনাগাদ করবে, যাতে মুসল্লিরা সহজে চলাচল করতে পারেন এবং নির্বিঘ্নে তাওয়াফ ও সায়ী সম্পন্ন করতে পারেন।
সৌদি কর্তৃপক্ষের মতে, নতুন এ ডিজিটাল ব্যবস্থা শুধু ইবাদতকারীদের অভিজ্ঞতাই উন্নত করবে না, বরং পবিত্র মসজিদে ভিড় নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনাও আরও কার্যকর করে তুলবে।











Design and Development by : webnewsdesign.com