সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / আন্তর্জাতিক
১:২৬ এএম, ১৮ জুলাই ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল (ভারত)

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল (ভারত)
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ ‘পরীক্ষাধীন’, জানাল ভারত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকা সরকারের অনুরোধ এখনো পর্যালোচনার পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি; বরং সংশ্লিষ্ট আইন ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই অনুরোধটি বিবেচনা করা হচ্ছে।

শুক্রবার (১৭ জুলাই) নয়াদিল্লিতে অনুষ্ঠিত নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা ও অন্যান্য অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যর্পণের জন্য বাংলাদেশ আবারও ভারতকে অনুরোধ করেছে বলে খবর প্রকাশিত হয়েছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছে কি না এবং শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর নতুন কোনো অগ্রগতি ঘটেছে কি না।

জবাবে রণধীর জয়সোয়াল বলেন, “আমরা প্রত্যর্পণের জন্য একটি অনুরোধ পেয়েছি। আগেও যেমন বলেছি, সেই অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট আইনগত ও বিচারিক প্রক্রিয়ার আলোকে বিষয়টি বিবেচনা করা হবে।”

তার এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, বাংলাদেশের অনুরোধ ভারত সরকার গ্রহণ করলেও সেটি এখনো পর্যালোচনার মধ্যেই রয়েছে এবং এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

আরেক প্রত্যর্পণ অনুরোধ নিয়েও প্রশ্ন

একই ব্রিফিংয়ে বাংলাদেশ থেকে পাঠানো আরেকটি প্রত্যর্পণ অনুরোধ নিয়েও প্রশ্ন ওঠে।

এক সাংবাদিক বলেন, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একজন অভিযুক্তকে ফেরত আনার জন্য প্রয়োজনীয় নথিপত্র ভারতীয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। ওই ব্যক্তি বর্তমানে ভারতীয় পুলিশের হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে বাংলাদেশে নির্বাচনের আগে এক রাজনীতিককে হত্যার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে দুই দেশের মধ্যে কোনো অগ্রগতি হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ওই নির্দিষ্ট মামলার বিষয়ে তার কাছে তাৎক্ষণিক কোনো তথ্য নেই। তবে তিনি আবারও জোর দিয়ে বলেন, যেকোনো প্রত্যর্পণ অনুরোধই সংশ্লিষ্ট আইনগত বিধান ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই বিবেচনা করা হয়।

আইনি প্রক্রিয়ার ওপরই জোর ভারতের

ভারতের সর্বশেষ বক্তব্যে পরিষ্কার হয়েছে, বাংলাদেশের পাঠানো প্রত্যর্পণ অনুরোধগুলোকে রাজনৈতিক নয়, বরং সম্পূর্ণ আইনি ও বিচারিক প্রক্রিয়ার আওতায় বিবেচনা করছে নয়াদিল্লি। ফলে শেখ হাসিনার প্রত্যর্পণসহ অন্যান্য অনুরোধের বিষয়ে আপাতত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি; বিষয়গুলো এখনো পর্যালোচনার পর্যায়েই রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম