সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / জাতীয়
৫:১৪ পিএম, ২৮ জুলাই ২০২৬

সারাজীবন অন্যায়ের বিপক্ষে কথা বলেও আজ আমি অপরাধী: আইভী

সারাজীবন অন্যায়ের বিপক্ষে কথা বলেও আজ আমি অপরাধী: আইভী

আদালতে হাজিরা দিয়ে আবেগঘন মন্তব্য আইভীর: ‘নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আদালতে হাজিরা দিয়ে আবেগঘন মন্তব্য আইভীর: ‘নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী পুলিশের ওপর হামলার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন। শুনানি শেষে আদালত তার পূর্বের জামিন বহাল রাখার পাশাপাশি পরবর্তী শুনানিতে ব্যক্তিগতভাবে উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার অনুমতি দিয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টার দিকে তিনি নারায়ণগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজির হন। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন।

শুনানি শেষে আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানান আইভী। তিনি বলেন, “নির্দোষ হয়েও আমি অপরাধী। আমি সারাজীবন অন্যায়ের প্রতিবাদ করেছি। হত্যা, অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলাম। অথচ আজ আমাকেই অপরাধীর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে।”

সংক্ষিপ্ত এ বক্তব্যের পর তিনি গাড়িতে উঠে দেওভোগে নিজের বাসভবন ‘চুনকা কুটির’-এর উদ্দেশে রওনা দেন।

আইভীর আদালতে উপস্থিতিকে ঘিরে আদালত প্রাঙ্গনে তার সমর্থক ও নেতা-কর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়। সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে আদালত চত্বরে বিপুল সংখ্যক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, আইভীকে গ্রেপ্তারের দিন আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িবহরে হামলার অভিযোগে সদর মডেল থানায় দায়ের করা মামলার অভিযোগপত্র গ্রহণের জন্য মঙ্গলবার দিন ধার্য ছিল। এ মামলায় তিনি আগে থেকেই জামিনে থাকলেও আদালতের নির্দেশনা অনুযায়ী এদিন ব্যক্তিগতভাবে হাজিরা দেন।

উল্লেখ্য, গত বছরের ৯ মে একটি হত্যা মামলায় নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর পর্যায়ক্রমে তাকে ১২টি হত্যা ও হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে টানা ৩৯১ দিন কারাবন্দি থাকার পর চলতি বছরের ৪ জুন সব মামলায় জামিন পেয়ে তিনি মুক্তি লাভ করেন।

এদিকে সর্বশেষ শুনানিতে আদালত তার আগের জামিন বহাল রাখার পাশাপাশি ভবিষ্যৎ শুনানিগুলোতে ব্যক্তিগতভাবে উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার অনুমতি দিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম