
কুয়েত, বাহরাইন ও জর্ডানে ইরানের হামলার নিন্দা সৌদির, উত্তেজনা বন্ধের আহ্বান
কুয়েত, বাহরাইন ও জর্ডানে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। একই সঙ্গে বেসামরিক স্থাপনা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং পানি লবণমুক্তকরণ (ডিস্যালিনেশন) প্লান্টে হামলারও নিন্দা জানিয়েছে রিয়াদ।
শনিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কুয়েত, বাহরাইন ও জর্ডানের বিরুদ্ধে ইরানের ধারাবাহিক হামলায় সৌদি আরব গভীর উদ্বেগ প্রকাশ করছে। একইসঙ্গে হামলার জবাবে সংশ্লিষ্ট দেশগুলো যে পদক্ষেপ নিয়েছে, তার প্রতি পূর্ণ সমর্থনও জানিয়েছে দেশটি।
বিবৃতিতে অবিলম্বে সব ধরনের সামরিক উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়ে বলা হয়, আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে সংঘাতের বিস্তার রোধ করা জরুরি।
এদিকে, মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট স্পেকটেটর–এর বরাতে এক ইরানি সামরিক সূত্র দাবি করেছে, যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকায় উপসাগরীয় অঞ্চলের জ্বালানি, বিদ্যুৎ, পানি পরিশোধন ও লবণাক্ত পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) স্থাপনাগুলোতে হামলার পরিধি বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে ইরান।
ওই সূত্রের দাবি, যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে গেলে কুয়েতসহ উপসাগরীয় কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোও সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে।
একই সূত্র আরও দাবি করেছে, ইরান এখন আগের তুলনায় বেশি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। তাদের ভাষ্য, আগে অপেক্ষাকৃত কম নির্ভুল ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা দুর্বল করার চেষ্টা করা হয়েছিল।












Design and Development by : webnewsdesign.com