
শেখ হাসিনা দেশে ফিরে নির্বাচনে অংশ নিন’—আহ্বান তসলিমা নাসরিনের
‘শেখ হাসিনা দেশে ফিরে নির্বাচনে অংশ নিন’—আহ্বান তসলিমা নাসরিনের
বাংলাদেশি লেখক ও মানবাধিকারকর্মী তসলিমা নাসরিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হওয়া এবং নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান।
প্রায় দুই দশক পর কলকাতায় ফিরে সোমবার (৩ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তসলিমা নাসরিন এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনাকে যেভাবে ক্ষমতা থেকে সরানো হয়েছে, তা তার মতে গণতান্ত্রিক ছিল না। একইভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করাও অগণতান্ত্রিক। তিনি বলেন, একটি রাজনৈতিক দলের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত এবং তিনি চান শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে নিজের দলের নেতৃত্ব দিন।
মাদ্রাসা নিয়ে বিতর্কিত মন্তব্য
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তসলিমা নাসরিন মাদ্রাসা শিক্ষা নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, তার মতে মাদ্রাসার প্রয়োজন নেই এবং এগুলোকে ধর্মনিরপেক্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করা উচিত।
১৯ বছর পর কলকাতায় ফেরা
দীর্ঘ ১৯ বছর পর কলকাতায় ফিরতে পেরে আনন্দ প্রকাশ করেন তসলিমা নাসরিন। তিনি বলেন, এই সফরের পেছনে তিনি কোনো রাজনৈতিক উদ্দেশ্য দেখেন না। পশ্চিমবঙ্গ সরকার তাকে নিরাপত্তার আশ্বাস দিয়েছে বলেও জানান এবং এজন্য রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বিক্ষোভ নিয়ে যা বললেন
রোববার (৩ আগস্ট) কলকাতায় তার প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে কবি জয় গোস্বামীর বক্তব্য চলাকালে দর্শকদের একাংশ স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। এ সময় কিছুক্ষণ মঞ্চে নীরবে দাঁড়িয়ে ছিলেন তসলিমা নাসরিন।
ঘটনাটি নিয়ে তিনি বলেন, এতে তিনি কষ্ট পেয়েছেন। তার ভাষায়, এটি শুধু জয় গোস্বামীর প্রতি নয়, তার প্রতিও অসম্মান ছিল। তিনি বলেন, মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু সবারই কথা বলার অধিকার রয়েছে।
চিন্ময় কৃষ্ণ দাসের প্রসঙ্গ
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিষয়েও কথা বলেন তসলিমা নাসরিন। তিনি দাবি করেন, সংখ্যালঘু হিন্দুদের পক্ষে কথা বলার কারণেই চিন্ময় কৃষ্ণ দাসকে মূল্য দিতে হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, মুক্তচিন্তার মানুষদের ধারাবাহিকভাবে টার্গেট করা হচ্ছে এবং অনেককেই দেশ ছাড়তে বাধ্য হতে হয়েছে।
প্রেক্ষাপট
উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বর মাসে বাংলাদেশের একটি অভ্যন্তরীণ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের আন্দোলন দমনের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেন। তবে শেখ হাসিনার আইনজীবীরা এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে তা চ্যালেঞ্জ করেছেন।
সূত্র: এনডিটিভি










Design and Development by : webnewsdesign.com