
শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকা সরকারের আনুষ্ঠানিক অনুরোধ পর্যালোচনা করছে ভারত। শুক্রবার (১৭ জুলাই) নয়াদিল্লিতে অনুষ্ঠিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ভারত বাংলাদেশ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত অনুরোধ পেয়েছে এবং বিষয়টি বর্তমানে পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। তিনি জানান, প্রত্যর্পণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আইনি কাঠামো ও বিচারিক প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়া হবে।
ব্রিফিংয়ে আরেক সাংবাদিক বাংলাদেশে আলোচিত শহিদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামিকে প্রত্যর্পণের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে জয়সওয়াল বলেন, ওই নির্দিষ্ট অনুরোধ সম্পর্কে তার কাছে তাৎক্ষণিক কোনো তথ্য নেই। তবে তিনি উল্লেখ করেন, যেকোনো প্রত্যর্পণ অনুরোধ সংশ্লিষ্ট আইন ও বিচারিক প্রক্রিয়ার আলোকে বিবেচনা করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর পর শেখ হাসিনা ভারত চলে যান এবং সেখানেই অবস্থান করছেন। পরবর্তীতে বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে বিভিন্ন মামলার প্রেক্ষাপটে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আনুষ্ঠানিক আবেদন জানায়। ভারত এর আগে একাধিকবার জানিয়েছে, এ ধরনের অনুরোধকে তারা সম্পূর্ণ আইনি ও বিচারিক বিষয় হিসেবে বিবেচনা করছে।
এদিকে চলতি বছরের মার্চ মাসে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন শহিদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ। তবে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে এখনো ভারত আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি।
ভারতের সর্বশেষ অবস্থান অনুযায়ী, শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি; বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যেই রয়েছে এবং সংশ্লিষ্ট সব দিক বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।












Design and Development by : webnewsdesign.com